মো. সেলিম হোসেন, গোপালপুর-টাঙ্গাইল:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১,৯৮,২১৩ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা মো. হুমায়ুন কবীর দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬০,৮৭১ ভোট।
অর্থাৎ আব্দুস সালাম পিন্টু ১,৩৭,৩৪২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. মনোয়ার হোসেন সাগর (হাতপাখা) পেয়েছেন ৪,৭৭৭ ভোট এবং জাতীয় পার্টির মো. হুমায়ুন কবীর তালুকদার (লাঙ্গল) পেয়েছেন ১,৮৫৪ ভোট।
টাঙ্গাইল-২ নির্বাচনী এলাকায় পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ভোটকেন্দ্র ১৩৯। মোট ভোটার ৪১৮৬০৬ জন, বৈধ ভোটের সংখ্যা ২৬৫৭১৫, বাতিলকৃত ভোট ৪৫৫৫, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ২৭০২৭০, ভোটের শতকরা হার ৬৪.৫৬।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক জানিয়েছে, ভোটগ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিজয়ী ফল প্রকাশের পর বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতারা এটিকে ‘জনগণের স্বতঃস্ফূর্ত রায়ের প্রতিফলন’ হিসেবে অভিহিত করেছেন।
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।