মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল):
ডাইরেক্ট মার্কেটিং সিস্টেম (ডিএমএস) ভিত্তিক প্রতিষ্ঠান ভারটেক্স ওয়ার্ল্ড লিমিটেড–এর এলিট গ্রাহক জালাল উদ্দিনের মৃত্যুর পর প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তাঁর নমিনির হাতে ৫০ হাজার টাকার মৃত্যুদাবি হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) জামালপুর জেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে জালাল উদ্দিনের নমিনি শাফিয়ান ও পুত্রবধূ উম্মে হাসিনার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. তোজাম্মেল হক বকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের এমন মানবিক সহায়তা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। এতে গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা ও আন্তরিকতার প্রতিফলন ঘটে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. তোজাম্মেল হক বকুল বলেন, “এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং গ্রাহক ও তাঁদের পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে আমরা গ্রাহকদের পাশে থাকার চেষ্টা করব।”
জানা গেছে, মেলান্দহ উপজেলার বাসিন্দা ও ভারটেক্স ওয়ার্ল্ড লিমিটেডের এলিট গ্রাহক জালাল উদ্দিন সম্প্রতি মারা যান। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তাঁর মনোনীত নমিনির হাতে মৃত্যুদাবির অর্থ তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে পরিবারের সদস্যরা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, আকস্মিক মৃত্যুর পর এই সহায়তা তাঁদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।
মাহফুজুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রথম জেনারেল ম্যানেজার মো. আনিছুর রহমান হীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় নাগ। তিনি বলেন, প্রশিক্ষণভিত্তিক ব্যবসা পরিচালনার মাধ্যমে ভারটেক্স ওয়ার্ল্ড দেশের বিভিন্ন অঞ্চলে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে কাজ করছে।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ডেপুটি জেনারেল ম্যানেজার মাওলানা রফিকুল ইসলাম, সহকারী জেনারেল ম্যানেজার হাফিজা পারভীন সুইটি, সহকারী জেনারেল ম্যানেজার মো. রবিউল ইসলাম, টিম ম্যানেজার ও ডিপো ইনচার্জ ইদ্রিস হোসাইন এবং প্রভাষক আব্দুল মালেক।
অনুষ্ঠানের অংশ হিসেবে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালাও অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব বিকাশ, টিম ম্যানেজমেন্ট, ব্যবসায়িক শৃঙ্খলা এবং টেকসই উদ্যোক্তা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন মো. আনিছুর রহমান হীরা। কর্মশালায় কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এ ধরনের সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।