মো. সেলিম হোসেন, গোপালপুর:
দেশের প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামকে দেখতে তাঁর রোববার ঢাকার বাসভবনে যান সাবেক উপ-শিক্ষা মন্ত্রী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু।
সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন এই প্রথিতযশা চিকিৎসক। সফল অস্ত্রোপচার শেষে বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে টাঙ্গাইল-০২ আসনের সাবেক এই সংসদ সদস্য ডা. রফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি দীর্ঘ সময় অবস্থান করেন এবং প্রবীণ এই চিকিৎসকের দ্রুত সুস্থতা কামনা করেন।
অধ্যাপক ডা. রফিকুল ইসলামের পরিবার এই মানবিক সাক্ষাতের জন্য সাবেক মন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বক্ষব্যাধি ও রেসপিরেটরি মেডিসিন জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ কর্মজীবনে তিনি কেবল হাজারো রোগীর আস্থার প্রতীকই নন, বরং শিক্ষক হিসেবে তৈরি করেছেন অসংখ্য দক্ষ চিকিৎসক। দেশে ও বিদেশে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত এই চিকিৎসক বর্তমানে বিশেষজ্ঞ মহলে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
গোপালপুরের কৃতি সন্তান এই বিশিষ্ট চিকিৎসকের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় তাঁর পরিবার দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আপনার মতামত দিন
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।